সারাদেশ

খুলনার নতুন কলোনিতে বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার

খুলনার নতুন কলোনিতে বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন নতুন কলোনি এলাকায় একটি বাসা থেকে মোঃ জাবেদ (৪৫) নামে এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) মরদেহ উদ্ধারের পর তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

নিহত জাবেদ খালিশপুর থানার এনএফ-৭৭, রোড নম্বর-২১২ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত সাব্বির এবং মাতার নাম মৃত শাহিদা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ মাছ বিক্রির ব্যবসা করতেন। দীর্ঘদিন ধরে তিনি অনেকটা একাকী জীবনযাপন করছিলেন। অতীতে মাদকাসক্তির সমস্যার কারণে তাঁকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

মরদেহের গলায় রশি পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।