ডাকবাংলা এলাকায় ড্রেনের স্ল্যাব বর্ধন কাজে অনিয়মের অভিযোগ
মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনা নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা এলাকায় বেবি স্ট্যান্ড থেকে এপিসি স্কুল হয়ে মির্জাপুর মল্লিকের মোড় ও সামসুর রহমান রোড পর্যন্ত ড্রেনের ওপর স্ল্যাব বর্ধনের কাজ শুরু হয়েছে। তবে কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে নানা অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে পর্যাপ্ত রড, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের সঠিক পর্যবেক্ষণও হচ্ছে না বলে অভিযোগ তাদের।
এ ছাড়া আশপাশের বাড়িঘরের পানি নিষ্কাশনের পাইপগুলো ড্রেনের সঙ্গে যথাযথভাবে সংযুক্ত না করায় ভবিষ্যতে পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, নতুন ঢালাইয়ের মাত্র দুই দিনের মধ্যেই বিভিন্ন স্থানে বালু ও সিমেন্টের বন্ধন আলগা হয়ে খোয়া বের হয়ে আসতে দেখা গেছে। ফলে ঢালাইয়ের স্থায়িত্ব ও নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও কোথাও খোয়া পরিপূর্ণভাবে দৃশ্যমান হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর মান, রড-সিমেন্টের পরিমাণ, ঢালাইয়ের পদ্ধতি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সংযোগ যথাযথভাবে পরীক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কাজের শুরুতেই যদি নির্মাণমান নিশ্চিত করা না হয়, তাহলে অল্প সময়ের মধ্যেই স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়ে জনভোগান্তি বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ডাকবাংলা এলাকায় ড্রেনের স্ল্যাব বর্ধন কাজে অনিয়মের অভিযোগ
📷 ছবি: সংগৃহীত