সারাদেশ

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি: ১ হাজার ২৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি: ১ হাজার ২৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
📷 ছবি: সংগৃহীত
গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি: ১ হাজার ২৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২



​গাইবান্ধা জেলা প্রতিনিধি



​গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ লাখ নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবির মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​গ্রেফতারকৃতরা হলেন,গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে খাজা আল মামুন (৪৭) এবং একই গ্রামের মো. সুরুজ জামানের ছেলে সজিব (২৪)।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআরবি-১৩ ও সিপিবি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল পলাশবাড়ী উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের পশ্চিম লেনে আতিয়ার হাজীর ভবনের সামনে তল্লাশি চৌকি বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘জিএস লাইন’ (ঢাকা মেট্রো-ব-১৩-১৯৮১) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
​তল্লাশিকালে বাসযাত্রী খাজা আল মামুন ও সজিবের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাও উদ্ধার করা হয়।

​এসআরবি জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত আলামত ও নগদ টাকা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
​মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



গাইবান্ধা জেলা প্রতিনিধি