সারাদেশ

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
📷 ছবি: সংগৃহীত
সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

মামলা রেকর্ড না করার অভিযোগ, পুলিশি ভূমিকা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ এবং ঘটনার চার দিন পরও থানায় মামলা রেকর্ড না করার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। এ সময় হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানার সরকারি অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি গোলজার হানিফ। এর জেরে তার ওপর হামলা এবং তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, হামলায় আহত হওয়ার পর গোলজার হানিফ আইনগত প্রতিকার চেয়ে সোনাইমুড়ী থানায় গেলে পুলিশ এজাহার হিসেবে মামলা রুজু না করে একটি সাধারণ অভিযোগ গ্রহণ করে। ঘটনার চার দিন পার হলেও মামলা রেকর্ড না করে তদন্তের কথা বলা হচ্ছে বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, চড়ুইভাতি পার্টি সেন্টারে সংঘটিত হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহে পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একই সময়ে ভুক্তভোগী সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির পাল্টা অভিযোগ গ্রহণ করা হয়েছে বলেও মানববন্ধনে দাবি করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল ও আকবর হোসেন সোহাগ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়াসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে দ্রুত মামলা রেকর্ড ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।